ShareLensশিখুনShareLens · শেয়ারবাজারের বই
English
শিখুন ৯. ShareLens ব্যবহার

৯.৬ Company Analysis-এর চিহ্ন

মাঝারি ২৯ মিনিট ৪৪টি ভালো ও খারাপ চিহ্নের শর্ত, সীমা, কারণ ও উদাহরণ
এক কথায়: Company Analysis-এর ৪৪টি চিহ্নের প্রতিটি কী, কোন সীমায় দেখা দেয়, কেন জরুরি, আর একটি উদাহরণ।

কীভাবে পড়বেন

  • ভালো চিহ্ন (বামে, ২২টি) আর খারাপ চিহ্ন (ডানে, ২২টি)। অনেকগুলো জোড়া, যেমন "সর্বশেষ বছরে মুনাফা ↔ সর্বশেষ বছরে লোকসান"।
  • সব কোম্পানিতে একই স্বয়ংক্রিয় শর্ত। তথ্য আসে DSE (দাম, বার্ষিক ও প্রান্তিক EPS, NAV, মালিকানা, লভ্যাংশ, ঘোষণা, ক্যাটাগরি) আর যাচাই করা বার্ষিক প্রতিবেদন থেকে। প্রতিদিন বাজার বন্ধের পর হালনাগাদ।
  • তথ্য না থাকলে চিহ্ন দেখানো হয় না, "নেই" ধরে নেওয়া হয় না। "প্রতিবেদন" লেখা চিহ্ন শুধু সেসব কোম্পানিতে, যাদের বার্ষিক প্রতিবেদন তোলা হয়েছে।
  • কোনো চিহ্ন একা কিছু প্রমাণ করে না। ভালো চিহ্ন মানে কেনার মতো নয়, খারাপ চিহ্ন মানে বেচার মতো নয়; এগুলো খোঁজ শুরু করার জায়গা।

সীমার এক নজরে: ভালো চিহ্ন

চিহ্নকখন দেখায়
A ক্যাটাগরিDSE-র A ক্যাটাগরিতে আছে: নিয়মিত AGM করে আর বছরে ১০% বা বেশি লভ্যাংশ দেয়।
ধারাবাহিক মুনাফাশেষ ৫ বছরের অন্তত ৪ বছর EPS ধনাত্মক (৩–৪ বছরের তথ্য থাকলে বড়জোর এক বছর লোকসান)।
সর্বশেষ বছরে মুনাফাসর্বশেষ বার্ষিক হিসাবে EPS ০-এর বেশি।
মুনাফা বাড়ছেসর্বশেষ বছরের EPS ৩ বছর আগের EPS-এর চেয়ে বেশি।
সর্বশেষ প্রান্তিকে মুনাফা বেড়েছেসর্বশেষ প্রকাশিত প্রান্তিকের (৩ মাস) EPS ধনাত্মক আর আগের বছরের একই প্রান্তিকের চেয়ে বেশি। প্রান্তিকটি গত ৯ মাসের মধ্যে শেষ হতে হবে।
মূলধনে ভালো মুনাফা (ROE)ROE = সর্বশেষ বছরের EPS ÷ শেয়ারপ্রতি NAV × ১০০, ১০%-এর বেশি।
NAV বাড়ছে বা স্থিরশেয়ারপ্রতি NAV আগের বছরের চেয়ে কম নয় (০.৫% পর্যন্ত ছাড়)।
P/B সহনীয়P/B = দাম ÷ শেয়ারপ্রতি NAV, ৩-এর কম (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১.৫-এর কম)।
ঋণ কমঋণ ÷ মূলধন ১-এর কম (বার্ষিক প্রতিবেদন থাকলে সেখান থেকে, নইলে DSE-র ঋণের তথ্য থেকে)। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়।
সুদ দেওয়ার সামর্থ্য ভালো (প্রতিবেদন)পরিচালন মুনাফা সুদের খরচের ৩ গুণের বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়।
P/E খাতের মধ্যমার নিচেP/E (দাম ÷ সর্বশেষ বার্ষিক EPS) খাতের মধ্যমা P/E-র চেয়ে কম। খাতে মুনাফাকারী অন্তত ৩টি কোম্পানি লাগবে।
উদ্যোক্তাদের শেয়ার ৩০% বা বেশিউদ্যোক্তা-পরিচালকদের মোট শেয়ার ৩০% বা বেশি (সর্বশেষ মাসিক হিসাব)।
উদ্যোক্তারা শেয়ার ধরে রেখেছেনপ্রায় ৬ মাসে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কমেনি (০.০৫ পয়েন্ট পর্যন্ত ছাড়)।
প্রতিষ্ঠানের আস্থা টিকে আছেপ্রতিষ্ঠানের শেয়ার আগের মাসের চেয়ে ০.৫ পয়েন্টের বেশি কমেনি।
বিদেশি বিনিয়োগ বাড়ছেবিদেশি বিনিয়োগকারীদের অংশ প্রায় ৬ মাসে ০.২ পয়েন্ট বা বেশি বেড়েছে, আর আগে বা এখন অন্তত ০.৫%।
নিয়মিত নগদ লভ্যাংশটানা ৫ বছর নগদ লভ্যাংশ দিয়েছে।
নগদ লভ্যাংশের হার ভালোশেষ ঘোষিত বছরের নগদ লভ্যাংশ (শেয়ারপ্রতি টাকা) ÷ এখনকার দাম, ৫% বা বেশি। বছরটি গত ২ বছরের মধ্যে হতে হবে।
বড় মূলধনপরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার বেশি।
নিয়মিত পর্যাপ্ত লেনদেনশেষ ২০ কার্যদিবসে দিনে গড়ে ১ কোটি টাকা বা বেশি লেনদেন, আর অন্তত ১৮ দিন লেনদেন হয়েছে।
মুনাফা নগদে আসছে (প্রতিবেদন)কার্যকরী নগদ প্রবাহ নিট মুনাফার অন্তত ৮০%। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়।
ব্যবসা থেকে নগদ আসছে (প্রতিবেদন)কার্যকরী নগদ প্রবাহ (Operating cash flow) ধনাত্মক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়।
নিরীক্ষকের আপত্তি নেই (প্রতিবেদন)নিরীক্ষকের মতামত আপত্তিহীন (Unqualified), আর Going concern নিয়ে কোনো সংশয় নেই।

সীমার এক নজরে: খারাপ চিহ্ন

চিহ্নকখন দেখায়
Z ক্যাটাগরিDSE-র Z ক্যাটাগরিতে আছে (লভ্যাংশ না দেওয়া, AGM না করা বা কার্যক্রম বন্ধ থাকার মতো কারণে)।
টানা লোকসানশেষ ২ বছর EPS ঋণাত্মক।
সর্বশেষ বছরে লোকসানসর্বশেষ বার্ষিক হিসাবে EPS ০ বা তার কম।
সর্বশেষ প্রান্তিকে মুনাফা কমেছেসর্বশেষ প্রকাশিত প্রান্তিকে (৩ মাস) লোকসান, অথবা আগের বছরের একই প্রান্তিকের চেয়ে EPS ২৫% বা বেশি কম। প্রান্তিকটি গত ৯ মাসের মধ্যে শেষ হতে হবে।
NAV ঋণাত্মকশেয়ারপ্রতি নিট সম্পদ (NAV) শূন্যের নিচে, অর্থাৎ দায় সম্পদের চেয়ে বেশি।
P/B অনেক বেশিP/B = দাম ÷ শেয়ারপ্রতি NAV, ৫ বা বেশি (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২.৫ বা বেশি)।
বেশি ঋণ (প্রতিবেদন)ঋণ মূলধনের ২ গুণের বেশি। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমায় প্রযোজ্য নয়।
সুদের চাপ বেশি (প্রতিবেদন)পরিচালন মুনাফা সুদের খরচের ১.৫ গুণের কম (লোকসান হলে তো বটেই)। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়।
মুনাফার তুলনায় অনেক বেশি দামP/E ৫০-এর বেশি, আর খাতের মধ্যমা P/E-র ৩ গুণের বেশি।
উদ্যোক্তাদের শেয়ার কমউদ্যোক্তা-পরিচালকদের মোট শেয়ার ৩০%-এর কম (BSEC-এর ন্যূনতম)।
উদ্যোক্তারা শেয়ার ছাড়ছেনপ্রায় ৬ মাসে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ১ পয়েন্টের বেশি কমেছে, অথবা শেয়ার বিক্রির ঘোষণা এসেছে।
বিদেশি বিনিয়োগ কমছেবিদেশি বিনিয়োগকারীদের অংশ প্রায় ৬ মাসে ০.২ পয়েন্ট বা বেশি কমেছে, আর আগে বা এখন অন্তত ০.৫%।
শুধু বোনাস, নগদ নেইশেষ ৩টি ঘোষিত বছরে কোনো নগদ লভ্যাংশ নেই, আর অন্তত ২ বছর বোনাস শেয়ার। সর্বশেষ বছরটি গত ২ বছরের মধ্যে হতে হবে।
ছোট মূলধনপরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার কম।
খুব কম লেনদেনশেষ ২০ কার্যদিবসে দিনে গড়ে ১০ লাখ টাকার কম লেনদেন, অথবা ১০ দিনের কম লেনদেন হয়েছে।
মুনাফা আছে, নগদ নেই (প্রতিবেদন)শেষ ৩ বছরের অন্তত ২ বছর কার্যকরী নগদ প্রবাহ নিট মুনাফার অর্ধেকেরও কম।
ব্যবসায় নগদ ঘাটতি (প্রতিবেদন)কার্যকরী নগদ প্রবাহ ০ বা ঋণাত্মক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়।
নিরীক্ষকের আপত্তি (প্রতিবেদন)নিরীক্ষকের মতামত আপত্তিসহ (Qualified, Adverse বা Disclaimer), অথবা Going concern নিয়ে সংশয়।
ঘোষণা ছাড়া বড় উত্থান১০ কার্যদিবসে দাম ৩০% বা বেশি বেড়েছে, আর ওই সময়ে কোনো মূল্য-সংবেদনশীল ঘোষণা (PSI) নেই।
ঘোষণা ছাড়া অস্বাভাবিক লেনদেনশেষ ৫ দিনের গড় Volume আগের ২০ দিনের গড়ের ৫ গুণ বা বেশি, দিনে অন্তত ৫ লাখ টাকার লেনদেন, আর কোনো PSI নেই।
DSE-র জিজ্ঞাসাগত ৩০ দিনে অস্বাভাবিক দাম বা লেনদেন নিয়ে DSE-র জিজ্ঞাসার উত্তর দিয়েছে কোম্পানি।
লেনদেন বা কার্যক্রমের অবস্থাOTC বাজারে সরানো, তালিকাচ্যুত, বা DSE-র তালিকায় কার্যক্রম বন্ধ দেখানো।

ভালো চিহ্ন: বিস্তারিত

✓ A ক্যাটাগরি

শর্ত: DSE-র A ক্যাটাগরিতে আছে: নিয়মিত AGM করে আর বছরে ১০% বা বেশি লভ্যাংশ দেয়।

কেন জরুরি: ক্যাটাগরি DSE নিজেই ঠিক করে। কোম্পানি শেয়ারহোল্ডারদের প্রতি মৌলিক দায়িত্ব (সময়মতো AGM, লভ্যাংশ) পালন করছে কিনা, তার সহজ মাপ। A মানেই ভালো শেয়ার নয়, শুধু নিয়ম মানার চিহ্ন।

উদাহরণ

একটি কোম্পানি প্রতি বছর সময়মতো AGM করে আর ১৫% লভ্যাংশ দেয়, তাই A ক্যাটাগরিতে। কোনো বছর লভ্যাংশ ১০%-এর নিচে নামলে B-তে চলে যেতে পারে।

✓ ধারাবাহিক মুনাফা

শর্ত: শেষ ৫ বছরের অন্তত ৪ বছর EPS ধনাত্মক (৩–৪ বছরের তথ্য থাকলে বড়জোর এক বছর লোকসান)।

কেন জরুরি: এক বছরের মুনাফা ভাগ্যের ব্যাপার হতে পারে। বহু বছর ধরে মুনাফা মানে ব্যবসাটি ভালো-খারাপ দুই সময়েই টিকে থাকতে পেরেছে।

উদাহরণ

EPS ২০২১: ১.২০, ২০২২: ১.৪৫, ২০২৩: -০.৩০, ২০২৪: ১.১০, ২০২৫: ১.৬০। ৫ বছরে ৪ বছর মুনাফা।

✓ সর্বশেষ বছরে মুনাফা

শর্ত: সর্বশেষ বার্ষিক হিসাবে EPS ০-এর বেশি।

কেন জরুরি: সবচেয়ে নতুন বছরের অবস্থা। "ধারাবাহিক মুনাফা"-র সাথে মিলিয়ে দেখলে বোঝা যায়, এ বছরের মুনাফা স্বাভাবিক না ব্যতিক্রম।

উদাহরণ

EPS ২০২৫ = ২.৩৫। EPS ২০২৫ = -০.৪০ হলে এটা নয়, ডানের "সর্বশেষ বছরে লোকসান" আসবে।

✓ মুনাফা বাড়ছে

শর্ত: সর্বশেষ বছরের EPS ৩ বছর আগের EPS-এর চেয়ে বেশি।

কেন জরুরি: বছর-বছর ছোট ওঠানামা বাদ দিয়ে বড় দিকটা দেখায়। বোনাস শেয়ারের পর শেয়ারপ্রতি EPS কমে যায়, তাই DSE-র পুনর্গণিত (restated) EPS থাকলে সেটাই নেওয়া হয়।

উদাহরণ

EPS ২০২২: ১.৮০ → ২০২৫: ২.৪০। বেড়েছে।

✓ সর্বশেষ প্রান্তিকে মুনাফা বেড়েছে

শর্ত: সর্বশেষ প্রকাশিত প্রান্তিকের (৩ মাস) EPS ধনাত্মক আর আগের বছরের একই প্রান্তিকের চেয়ে বেশি। প্রান্তিকটি গত ৯ মাসের মধ্যে শেষ হতে হবে।

কেন জরুরি: বার্ষিক হিসাব আসে বছরে একবার, প্রান্তিক হিসাব সবচেয়ে নতুন খবর দেয়। একই প্রান্তিকের সাথে তুলনা করা হয়, কারণ অনেক ব্যবসায় মৌসুমি ওঠানামা থাকে (যেমন ঈদের আগে বিক্রি বেশি)। কোম্পানি ৬ বা ৯ মাসের হিসাব দিলে তা থেকে ৩ মাসের অংশ বের করা হয়।

উদাহরণ

Q1 FY26 (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) EPS ০.৬২, আগের বছরের Q1-এ ছিল ০.৪৮। বেড়েছে।

✓ মূলধনে ভালো মুনাফা (ROE)

শর্ত: ROE = সর্বশেষ বছরের EPS ÷ শেয়ারপ্রতি NAV × ১০০, ১০%-এর বেশি।

কেন জরুরি: মালিকদের প্রতি ১০০ টাকা মূলধনে বছরে কত টাকা মুনাফা হলো। ব্যাংকে টাকা রাখলে যে সুদ মেলে, ROE তার চেয়ে কম হলে ব্যবসাটি মূলধন ভালোভাবে কাজে লাগাচ্ছে না।

উদাহরণ

EPS ৩.০০, শেয়ারপ্রতি NAV ২৪.০০ → ROE ১২.৫%। ১০%-এর বেশি।

✓ NAV বাড়ছে বা স্থির

শর্ত: শেয়ারপ্রতি NAV আগের বছরের চেয়ে কম নয় (০.৫% পর্যন্ত ছাড়)।

কেন জরুরি: NAV বাড়া মানে মুনাফার একটা অংশ ব্যবসায় জমছে। NAV কমা মানে লোকসান, বা মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ, বা সম্পদের মূল্য কমা। বোনাস শেয়ারের পর শেয়ারপ্রতি NAV কমে, তাই restated NAV থাকলে সেটা নেওয়া হয়।

উদাহরণ

NAV ২০২৪: ৩১.২০ → ২০২৫: ৩৩.০৫। বেড়েছে।

✓ P/B সহনীয়

শর্ত: P/B = দাম ÷ শেয়ারপ্রতি NAV, ৩-এর কম (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১.৫-এর কম)।

কেন জরুরি: শেয়ারের দাম খাতার হিসাবের সম্পদের তুলনায় কত গুণ। কম মানেই সস্তা নয়: সম্পদ পুরোনো বা ব্যবসা লোকসানি হলেও P/B কম থাকে। ব্যাংকের সম্পদ মূলত দেওয়া ঋণ, তাই তাদের সীমা কম।

উদাহরণ

দাম ৪৫, শেয়ারপ্রতি NAV ২০ → P/B ২.২৫। একটি ব্যাংকে দাম ১৮, NAV ১৫ → P/B ১.২।

✓ ঋণ কম

শর্ত: ঋণ ÷ মূলধন ১-এর কম (বার্ষিক প্রতিবেদন থাকলে সেখান থেকে, নইলে DSE-র ঋণের তথ্য থেকে)। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়।

কেন জরুরি: ঋণ কম হলে সুদের খরচ কম, আর খারাপ বছরেও টিকে থাকা সহজ। ব্যাংকের ব্যবসাই আমানত নিয়ে ঋণ দেওয়া, তাই সেখানে এই মাপ খাটে না।

উদাহরণ

মোট ঋণ ৮০ কোটি, মূলধন (মোট NAV) ২০০ কোটি → ০.৪। ১-এর কম।

✓ সুদ দেওয়ার সামর্থ্য ভালো

শর্ত: পরিচালন মুনাফা সুদের খরচের ৩ গুণের বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়। (শুধু যাদের বার্ষিক প্রতিবেদন তোলা হয়েছে)

কেন জরুরি: সুদ দেওয়ার পরও যথেষ্ট মুনাফা থাকছে কিনা। ৩ গুণ মানে মুনাফা এক-তৃতীয়াংশে নামলেও সুদ দেওয়া যাবে।

উদাহরণ

পরিচালন মুনাফা ৬০ কোটি, সুদ ১২ কোটি → ৫ গুণ। ৩-এর বেশি।

✓ P/E খাতের মধ্যমার নিচে

শর্ত: P/E (দাম ÷ সর্বশেষ বার্ষিক EPS) খাতের মধ্যমা P/E-র চেয়ে কম। খাতে মুনাফাকারী অন্তত ৩টি কোম্পানি লাগবে।

কেন জরুরি: খাতভেদে স্বাভাবিক P/E আলাদা, তাই একই খাতের কোম্পানির সাথে তুলনা ন্যায্য। মধ্যমা মানে খাতের মাঝের কোম্পানির P/E। কম P/E-র পেছনে কারণও থাকতে পারে, যেমন মুনাফা কমার আশঙ্কা।

উদাহরণ

P/E ১১.২, খাতের মধ্যমা ১৫.৮। কম।

✓ উদ্যোক্তাদের শেয়ার ৩০% বা বেশি

শর্ত: উদ্যোক্তা-পরিচালকদের মোট শেয়ার ৩০% বা বেশি (সর্বশেষ মাসিক হিসাব)।

কেন জরুরি: BSEC-এর নিয়মে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের একসাথে অন্তত ৩০% শেয়ার রাখতে হয়। বেশি থাকা মানে মালিকদের নিজেদের টাকাও ঝুঁকিতে।

উদাহরণ

উদ্যোক্তা-পরিচালক ৫১.২০% (৩১ অক্টোবর ২০২৬)।

✓ উদ্যোক্তারা শেয়ার ধরে রেখেছেন

শর্ত: প্রায় ৬ মাসে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কমেনি (০.০৫ পয়েন্ট পর্যন্ত ছাড়)।

কেন জরুরি: যারা কোম্পানিকে সবচেয়ে ভালো চেনেন, তারা শেয়ার ছাড়ছেন না।

উদাহরণ

এপ্রিলে ৪৫.১০% → অক্টোবরে ৪৫.১০%। কমেনি।

✓ প্রতিষ্ঠানের আস্থা টিকে আছে

শর্ত: প্রতিষ্ঠানের শেয়ার আগের মাসের চেয়ে ০.৫ পয়েন্টের বেশি কমেনি।

কেন জরুরি: মিউচুয়াল ফান্ড, ব্যাংক, বীমার মতো প্রতিষ্ঠান সাধারণত গবেষণা করে বিনিয়োগ করে। তারা দ্রুত বেরিয়ে গেলে তা খেয়াল করার মতো।

উদাহরণ

১৮.৪০% → ১৮.২০%। ০.২ পয়েন্ট কমেছে, সীমার মধ্যে।

✓ বিদেশি বিনিয়োগ বাড়ছে

শর্ত: বিদেশি বিনিয়োগকারীদের অংশ প্রায় ৬ মাসে ০.২ পয়েন্ট বা বেশি বেড়েছে, আর আগে বা এখন অন্তত ০.৫%।

কেন জরুরি: বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত বড় প্রতিষ্ঠান; তাদের অংশ বাড়া আগ্রহের চিহ্ন। খুব ছোট অংশে সামান্য বদল অর্থহীন, তাই ০.৫%-এর শর্ত।

উদাহরণ

এপ্রিলে ২.১০% → অক্টোবরে ২.৫৫%। ০.৪৫ পয়েন্ট বেড়েছে।

✓ নিয়মিত নগদ লভ্যাংশ

শর্ত: টানা ৫ বছর নগদ লভ্যাংশ দিয়েছে।

কেন জরুরি: নগদ লভ্যাংশ দিতে আসল টাকা লাগে; বোনাস শেয়ারে কোনো টাকা লাগে না। বহু বছর নগদ দেওয়া মানে মুনাফা সত্যিই টাকায় আসছে।

উদাহরণ

২০২১ থেকে ২০২৫, প্রতি বছর ১০–২০% নগদ লভ্যাংশ। টানা ৫ বছর।

✓ নগদ লভ্যাংশের হার ভালো

শর্ত: শেষ ঘোষিত বছরের নগদ লভ্যাংশ (শেয়ারপ্রতি টাকা) ÷ এখনকার দাম, ৫% বা বেশি। বছরটি গত ২ বছরের মধ্যে হতে হবে।

কেন জরুরি: আজকের দামে কিনলে গত বছরের হিসাবে লভ্যাংশ থেকে বছরে কত শতাংশ ফেরত আসত। মনে রাখুন, "২৫% লভ্যাংশ" অভিহিত মূল্যের (সাধারণত ১০ টাকা) ওপর, দামের ওপর নয়। ভবিষ্যতে একই লভ্যাংশ নিশ্চিত নয়, আর দাম অনেক পড়ে গেলেও হার বেশি দেখায়।

উদাহরণ

২৫% নগদ লভ্যাংশ, অভিহিত মূল্য ১০ টাকা → শেয়ারপ্রতি ২.৫০ টাকা। দাম ৪২ → ২.৫০ ÷ ৪২ = ৫.৯৫%। ৫%-এর বেশি।

✓ বড় মূলধন

শর্ত: পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার বেশি।

কেন জরুরি: বড় কোম্পানির শেয়ার সংখ্যা বেশি, অল্প কেনা-বেচায় দাম সহজে নড়ে না। সাধারণত তাদের তথ্য প্রকাশ আর নজরদারিও বেশি।

উদাহরণ

পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা। ৩০ কোটির বেশি।

✓ নিয়মিত পর্যাপ্ত লেনদেন

শর্ত: শেষ ২০ কার্যদিবসে দিনে গড়ে ১ কোটি টাকা বা বেশি লেনদেন, আর অন্তত ১৮ দিন লেনদেন হয়েছে।

কেন জরুরি: লেনদেন বেশি হলে দরকারের সময় কাছাকাছি দামে কেনা বা বেচা সহজ। লেনদেন কম হলে অল্প অর্ডারেই দাম লাফায়, আর বেচতে চাইলে ক্রেতা না-ও মিলতে পারে।

উদাহরণ

২০ দিনে মোট ৩৫ কোটি টাকার লেনদেন → দিনে গড়ে ১.৭৫ কোটি, ২০ দিনই লেনদেন হয়েছে।

✓ মুনাফা নগদে আসছে

শর্ত: কার্যকরী নগদ প্রবাহ নিট মুনাফার অন্তত ৮০%। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়। (শুধু যাদের বার্ষিক প্রতিবেদন তোলা হয়েছে)

কেন জরুরি: মুনাফা থাকে হিসাবের খাতায়, নগদ থাকে ব্যাংকে। বাকিতে বিক্রি বা গুদামে মাল জমলে মুনাফা দেখালেও টাকা আসে না। নগদ প্রবাহ মুনাফার কাছাকাছি হলে মুনাফা বিশ্বাসযোগ্য।

উদাহরণ

নিট মুনাফা ৫০ কোটি, কার্যকরী নগদ প্রবাহ ৪৫ কোটি → ৯০%। ৮০%-এর বেশি।

✓ ব্যবসা থেকে নগদ আসছে

শর্ত: কার্যকরী নগদ প্রবাহ (Operating cash flow) ধনাত্মক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়। (শুধু যাদের বার্ষিক প্রতিবেদন তোলা হয়েছে)

কেন জরুরি: মূল ব্যবসা নিজেই টাকা আনছে; চলার জন্য ধার করতে বা জমা টাকা ভাঙতে হচ্ছে না।

উদাহরণ

কার্যকরী নগদ প্রবাহ +২২.৪ মিলিয়ন টাকা (২০২৫)। ধনাত্মক।

✓ নিরীক্ষকের আপত্তি নেই

শর্ত: নিরীক্ষকের মতামত আপত্তিহীন (Unqualified), আর Going concern নিয়ে কোনো সংশয় নেই। (শুধু যাদের বার্ষিক প্রতিবেদন তোলা হয়েছে)

কেন জরুরি: স্বাধীন নিরীক্ষক হিসাব পরীক্ষা করে কোনো আপত্তি পাননি। এটা হিসাবের সঠিকতার কথা বলে, ব্যবসা ভালো কিনা তা নয়।

উদাহরণ

বার্ষিক প্রতিবেদন ২০২৫: "Unqualified opinion"।

খারাপ চিহ্ন: বিস্তারিত

⚠ Z ক্যাটাগরি

শর্ত: DSE-র Z ক্যাটাগরিতে আছে (লভ্যাংশ না দেওয়া, AGM না করা বা কার্যক্রম বন্ধ থাকার মতো কারণে)।

কেন জরুরি: ক্যাটাগরি DSE নিজেই ঠিক করে। Z মানে কোম্পানি শেয়ারহোল্ডারদের প্রতি মৌলিক দায়িত্ব পালন করছে না। Z শেয়ারের নিষ্পত্তি সময় আর মার্জিন ঋণের নিয়মও আলাদা।

উদাহরণ

একটি কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণা করেনি, তাই Z ক্যাটাগরিতে।

⚠ টানা লোকসান

শর্ত: শেষ ২ বছর EPS ঋণাত্মক।

কেন জরুরি: এক বছরের লোকসান সাময়িক হতে পারে; টানা লোকসান জমানো মূলধন খেয়ে ফেলে আর NAV কমায়।

উদাহরণ

EPS ২০২৪: -১.২০, ২০২৫: -০.৮৫। দুই বছরই লোকসান।

⚠ সর্বশেষ বছরে লোকসান

শর্ত: সর্বশেষ বার্ষিক হিসাবে EPS ০ বা তার কম।

কেন জরুরি: সবচেয়ে নতুন বছরে মুনাফা হয়নি। আগের বছরগুলোতে মুনাফা থাকলে এটা ব্যতিক্রম হতে পারে; কারণ জানতে PSI ও বার্ষিক প্রতিবেদন দেখুন।

উদাহরণ

EPS ২০২৫ = -০.৪০।

⚠ সর্বশেষ প্রান্তিকে মুনাফা কমেছে

শর্ত: সর্বশেষ প্রকাশিত প্রান্তিকে (৩ মাস) লোকসান, অথবা আগের বছরের একই প্রান্তিকের চেয়ে EPS ২৫% বা বেশি কম। প্রান্তিকটি গত ৯ মাসের মধ্যে শেষ হতে হবে।

কেন জরুরি: সবচেয়ে নতুন খবর। কারণ সাময়িকও হতে পারে (কাঁচামালের দাম, লম্বা ছুটি); কোম্পানি সাধারণত PSI-তে কারণ লেখে। ছোট ওঠানামা বাদ দিতে ২৫%-এর সীমা।

উদাহরণ

Q2 FY26 EPS ০.৩০, আগের বছরের Q2-তে ০.৫০ → ৪০% কম।

⚠ NAV ঋণাত্মক

শর্ত: শেয়ারপ্রতি নিট সম্পদ (NAV) শূন্যের নিচে, অর্থাৎ দায় সম্পদের চেয়ে বেশি।

কেন জরুরি: সব সম্পদ বেচেও দেনা শোধ হবে না; শেয়ারহোল্ডারদের ভাগে খাতার হিসাবে কিছু নেই। সাধারণত বহু বছরের লোকসানের ফল।

উদাহরণ

শেয়ারপ্রতি NAV -৪৭.৩৭ (২০২৫)।

⚠ P/B অনেক বেশি

শর্ত: P/B = দাম ÷ শেয়ারপ্রতি NAV, ৫ বা বেশি (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২.৫ বা বেশি)।

কেন জরুরি: দাম খাতার সম্পদের অনেক গুণ, মানে ভবিষ্যৎ মুনাফার অনেক আশা দামে ধরা আছে; আশা না মিললে দাম নামতে পারে। শক্ত ব্র্যান্ড বা উচ্চ মুনাফার কোম্পানিতে P/B স্বাভাবিকভাবেই বেশি থাকে, তাই ROE-র সাথে মিলিয়ে দেখুন।

উদাহরণ

দাম ১৮০, শেয়ারপ্রতি NAV ৩০ → P/B ৬.০। ৫-এর বেশি।

⚠ বেশি ঋণ

শর্ত: ঋণ মূলধনের ২ গুণের বেশি। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমায় প্রযোজ্য নয়। (শুধু যাদের বার্ষিক প্রতিবেদন তোলা হয়েছে)

কেন জরুরি: ঋণ বেশি হলে সুদের খরচ বেশি; সুদের হার বাড়লে বা বিক্রি কমলে চাপ দ্রুত বাড়ে।

উদাহরণ

মোট ঋণ ৫০০ কোটি, মূলধন ২০০ কোটি → ২.৫ গুণ।

⚠ সুদের চাপ বেশি

শর্ত: পরিচালন মুনাফা সুদের খরচের ১.৫ গুণের কম (লোকসান হলে তো বটেই)। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়। (শুধু যাদের বার্ষিক প্রতিবেদন তোলা হয়েছে)

কেন জরুরি: মুনাফার বড় অংশ সুদে চলে যায়; মুনাফা একটু কমলেই সুদ দেওয়া কঠিন হয়ে পড়ে।

উদাহরণ

পরিচালন মুনাফা ১৫ কোটি, সুদ ১২ কোটি → ১.২৫ গুণ। ১.৫-এর কম।

⚠ মুনাফার তুলনায় অনেক বেশি দাম

শর্ত: P/E ৫০-এর বেশি, আর খাতের মধ্যমা P/E-র ৩ গুণের বেশি।

কেন জরুরি: মুনাফার তুলনায় দাম অনেক বেশি। প্রায়ই মুনাফা খুব কম হলে, বা দাম অস্বাভাবিক বেড়ে গেলে এমন হয়।

উদাহরণ

P/E ৮৫, খাতের মধ্যমা ১৮। দুই শর্তই পূরণ।

⚠ উদ্যোক্তাদের শেয়ার কম

শর্ত: উদ্যোক্তা-পরিচালকদের মোট শেয়ার ৩০%-এর কম (BSEC-এর ন্যূনতম)।

কেন জরুরি: BSEC-এর ন্যূনতম শর্ত পূরণ হয়নি; মালিকদের নিজেদের টাকা কম ঝুঁকিতে।

উদাহরণ

উদ্যোক্তা-পরিচালক ২২.৪০%।

⚠ উদ্যোক্তারা শেয়ার ছাড়ছেন

শর্ত: প্রায় ৬ মাসে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ১ পয়েন্টের বেশি কমেছে, অথবা শেয়ার বিক্রির ঘোষণা এসেছে।

কেন জরুরি: ভেতরের মানুষ শেয়ার ছাড়ছেন। ব্যক্তিগত প্রয়োজনেও হতে পারে; ঘোষণায় কারণ লেখা থাকলে দেখে নিন।

উদাহরণ

এপ্রিলে ৪১.২০% → অক্টোবরে ৩৮.৯০%। ২.৩ পয়েন্ট কমেছে।

⚠ বিদেশি বিনিয়োগ কমছে

শর্ত: বিদেশি বিনিয়োগকারীদের অংশ প্রায় ৬ মাসে ০.২ পয়েন্ট বা বেশি কমেছে, আর আগে বা এখন অন্তত ০.৫%।

কেন জরুরি: বড় বিদেশি প্রতিষ্ঠান অংশ কমাচ্ছে। তাদের নিজস্ব কারণও থাকতে পারে (যেমন পুরো দেশের বাজার থেকে টাকা সরানো)।

উদাহরণ

এপ্রিলে ৩.৪০% → অক্টোবরে ২.৮০%। ০.৬ পয়েন্ট কমেছে।

⚠ শুধু বোনাস, নগদ নেই

শর্ত: শেষ ৩টি ঘোষিত বছরে কোনো নগদ লভ্যাংশ নেই, আর অন্তত ২ বছর বোনাস শেয়ার। সর্বশেষ বছরটি গত ২ বছরের মধ্যে হতে হবে।

কেন জরুরি: বোনাস শেয়ারে কোম্পানির টাকা খরচ হয় না; শুধু শেয়ার সংখ্যা বাড়ে আর শেয়ারপ্রতি মুনাফা ভাগ হয়ে যায়। বছরের পর বছর নগদ না দেওয়া নগদ টাকার টানাটানির লক্ষণ হতে পারে।

উদাহরণ

FY2025: বোনাস ১০%, FY2024: বোনাস ৫%, FY2023: কিছু নয়। তিন বছরে নগদ নেই, দুই বছর বোনাস।

⚠ ছোট মূলধন

শর্ত: পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার কম।

কেন জরুরি: শেয়ার সংখ্যা কম, তাই অল্প টাকার কেনা-বেচায় দাম অনেক নড়ে। গুজবে দ্রুত ওঠে, দ্রুত নামে।

উদাহরণ

পরিশোধিত মূলধন ৬.৫ কোটি টাকা।

⚠ খুব কম লেনদেন

শর্ত: শেষ ২০ কার্যদিবসে দিনে গড়ে ১০ লাখ টাকার কম লেনদেন, অথবা ১০ দিনের কম লেনদেন হয়েছে।

কেন জরুরি: বেচতে চাইলে ক্রেতা না-ও মিলতে পারে, আর অল্প অর্ডারেই দাম লাফায়। দেখানো দাম আর আসলে যে দামে কেনা-বেচা হবে, তার ফারাক বেশি হতে পারে।

উদাহরণ

২০ দিনে মোট ৮ লাখ টাকার লেনদেন → দিনে গড়ে ৪০ হাজার টাকা।

⚠ মুনাফা আছে, নগদ নেই

শর্ত: শেষ ৩ বছরের অন্তত ২ বছর কার্যকরী নগদ প্রবাহ নিট মুনাফার অর্ধেকেরও কম। (শুধু যাদের বার্ষিক প্রতিবেদন তোলা হয়েছে)

কেন জরুরি: খাতায় মুনাফা দেখায়, কিন্তু টাকা আসছে না। বাকিতে বিক্রি জমা, মাল গুদামে আটকে থাকা, বা হিসাবের মান নিয়ে প্রশ্ন, যেকোনোটা হতে পারে।

উদাহরণ

তিন বছরে নগদ ÷ মুনাফা: ৩০%, ৪৫%, ৯০%। দুই বছর অর্ধেকের কম।

⚠ ব্যবসায় নগদ ঘাটতি

শর্ত: কার্যকরী নগদ প্রবাহ ০ বা ঋণাত্মক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়। (শুধু যাদের বার্ষিক প্রতিবেদন তোলা হয়েছে)

কেন জরুরি: মূল ব্যবসা থেকে টাকা বেরিয়ে যাচ্ছে; চালু থাকতে ধার বা জমা টাকা লাগছে। দ্রুত বাড়তে থাকা কোম্পানিতে সাময়িকভাবে এমন হতে পারে।

উদাহরণ

কার্যকরী নগদ প্রবাহ -১৮.৬ মিলিয়ন টাকা (২০২৫)।

⚠ নিরীক্ষকের আপত্তি

শর্ত: নিরীক্ষকের মতামত আপত্তিসহ (Qualified, Adverse বা Disclaimer), অথবা Going concern নিয়ে সংশয়। (শুধু যাদের বার্ষিক প্রতিবেদন তোলা হয়েছে)

কেন জরুরি: স্বাধীন নিরীক্ষক হিসাবের কোনো অংশ মেনে নেননি, বা কোম্পানি চালু থাকতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন। প্রতিবেদনের "Basis for qualified opinion" অংশে কারণ লেখা থাকে।

উদাহরণ

বার্ষিক প্রতিবেদন ২০২৫: "Qualified opinion"।

⚠ ঘোষণা ছাড়া বড় উত্থান

শর্ত: ১০ কার্যদিবসে দাম ৩০% বা বেশি বেড়েছে, আর ওই সময়ে কোনো মূল্য-সংবেদনশীল ঘোষণা (PSI) নেই।

কেন জরুরি: কোনো ঘোষিত কারণ ছাড়াই দ্রুত উত্থান। এমন উত্থানের পর অনেক সময় দাম দ্রুত আগের জায়গায় ফেরে, আর DSE প্রায়ই কোম্পানির কাছে কারণ জানতে চায়।

উদাহরণ

১০ দিনে দাম ২০ থেকে ২৭ টাকা (+৩৫%), এ সময়ে কোনো PSI নেই।

⚠ ঘোষণা ছাড়া অস্বাভাবিক লেনদেন

শর্ত: শেষ ৫ দিনের গড় Volume আগের ২০ দিনের গড়ের ৫ গুণ বা বেশি, দিনে অন্তত ৫ লাখ টাকার লেনদেন, আর কোনো PSI নেই।

কেন জরুরি: হঠাৎ লেনদেন বহুগুণ বাড়া, অথচ কোনো খবর নেই। খুব ছোট লেনদেনে সংকেত না দিতে ৫ লাখ টাকার শর্ত।

উদাহরণ

আগের ২০ দিনে দিনে গড়ে ২০ হাজার শেয়ার, শেষ ৫ দিনে গড়ে ১.৫ লাখ (৭.৫ গুণ), কোনো PSI নেই।

⚠ DSE-র জিজ্ঞাসা

শর্ত: গত ৩০ দিনে অস্বাভাবিক দাম বা লেনদেন নিয়ে DSE-র জিজ্ঞাসার উত্তর দিয়েছে কোম্পানি।

কেন জরুরি: DSE অস্বাভাবিক উত্থান বা লেনদেন দেখে কোম্পানির কাছে কারণ জানতে চায়। উত্তর সাধারণত হয় "কোনো অপ্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য নেই", মানে উত্থানের কোনো ঘোষিত কারণ নেই।

উদাহরণ

২৫ নভেম্বর: কোম্পানি জানিয়েছে, সাম্প্রতিক দাম ও লেনদেন বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য নেই।

⚠ লেনদেন বা কার্যক্রমের অবস্থা

শর্ত: OTC বাজারে সরানো, তালিকাচ্যুত, বা DSE-র তালিকায় কার্যক্রম বন্ধ দেখানো।

কেন জরুরি: OTC-তে কেনা-বেচা কঠিন আর ধীর; কার্যক্রম বন্ধ মানে ব্যবসা থেকে আয় নেই।

উদাহরণ

DSE-র তালিকায় কার্যক্রম বন্ধ (২৮ জানুয়ারি ২০২৪)।

মনে রাখুন
  • সীমাগুলো সব কোম্পানির জন্য একই আর আগে থেকে ঠিক করা; কোনো কোম্পানিকে নম্বর, ক্রম বা রায় দেওয়া হয় না। ফল আপনার নিজের বাছাই করা শর্তের, কেনা বা বেচার পরামর্শ নয়। সিদ্ধান্তের আগে কোম্পানির পাতা, খবর আর মূল ঘোষণা দেখুন।
ShareLens-এ: Company Analysis

নিজেকে যাচাই করুন

উত্তর বেছে নিন, সাথে সাথে ব্যাখ্যা দেখাবে।

১. "নগদ লভ্যাংশের হার ভালো" চিহ্নে ২৫% লভ্যাংশ, অভিহিত মূল্য ১০ টাকা, দাম ৫০ টাকা হলে হার কত?
২. কোনো কোম্পানির তথ্য না থাকলে চিহ্নটির কী হয়?

এই পাঠ শুধু শেখার জন্য, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়। নিয়ম ও ফি সময়ে সময়ে বদলায়; সিদ্ধান্তের আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।

×

User Login

Select Country
+880 ▼
Forgot Password? New Registration

Name This Device

Give this device a name so you can recognize it later.